সেতু ভেঙে নদীতে পড়ল বালি বোঝাই ডাম্পার..!
অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক, যোগাযোগ বিচ্ছিন্ন দেওগাঁও–জটেশ্বর..!
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ফালাকাটাঃ কোচবিহারের মাথাভাঙ্গার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেতু বিপর্যয় উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে মুজনাই নদীর উপর অবস্থিত বঙ্কিম সেতু ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী এই সেতুর উপর দিয়ে বালি বোঝাই একটি ডাম্পার যাওয়ার সময় আচমকাই সেতুর মাঝের অংশ ভেঙে যায় এবং ডাম্পারটি নদীতে পড়ে যায়। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ডাম্পার চালক। তবে তাঁর পায়ে সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকেই সেতুর বাকি অংশেও ফাটল ধরতে শুরু করেছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৯৯৩ সালে জেলা পরিষদের অর্থে নির্মিত এই বঙ্কিম সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। ভারী যান চলাচলের জন্য সেতুটি উপযুক্ত না হলেও নিয়মিত বড় গাড়ি চলাচল করছিল, যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের মত। এলাকাবাসীরা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সেতু মেরামত বা নতুন সেতু নির্মাণের দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দেওগাঁও থেকে জটেশ্বর পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয়রা সেই কাজ বন্ধ করে দেন। অভিযোগ, রাস্তার কাজের বরাত দেওয়া হলেও সেতু মেরামত বা পুনর্নির্মাণের কোনও পরিকল্পনা নেওয়া হয়নি।
সেতু ভেঙে পড়ায় দেওগাঁও ও জটেশ্বরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন








