৮ হাজার অফিসার দিতে প্রস্তুত নবান্ন সুপ্রিম কোর্টে শুনানির ২৪ ঘণ্টা আগে সিদ্ধান্ত
নতুন পয়গাম, কলকাতা: সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির মাত্র ২৪ ঘণ্টা আগে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে মোট ৮ হাজার ৫০৫ জন বি-গ্রেড অফিসার দেওয়ার জন্য প্রস্তুত বলে নবান্নের তরফে চিঠি পাঠানো হয়েছে। কমিশনের দীর্ঘদিনের দাবি পূরণে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গত বছর নভেম্বর মাসে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। প্রায় তিন মাস ধরে প্রক্রিয়া চললেও পর্যাপ্ত আধিকারিক না পাওয়ার অভিযোগ একাধিকবার তুলেছিল নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হয়েছিল কমিশনের তরফে। আজ সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। তার ঠিক আগেই অফিসার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
গত সপ্তাহে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিন প্রধান বিচারপতি সূর্য কান্ত রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন, এমন আধিকারিক দিতে হবে, যাঁরা দুটি ভাষায় দক্ষ। যদিও সেই শুনানিতে মুখ্যমন্ত্রী অভিযোগ অস্বীকার করে জানান, কমিশন যা চেয়েছে, রাজ্য তাই দিয়েছে। তাঁর দাবি ছিল, জেলার সংখ্যা কম হওয়ার কারণেই অফিসারের সংখ্যাও সীমিত।
তবে শুনানির ঠিক আগে ৮ হাজারের বেশি অফিসার দেওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে যাতে নতুন করে প্রশ্নের মুখে না পড়তে হয়, সে কারণেই কি এই পদক্ষেপ? এ বিষয়ে বিজেপির রাজ্য মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আজ অফিসার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিল যে এতদিন তারা এসআইআর প্রক্রিয়ায় সহযোগিতা করেনি।”








