ইংরেজি মাধ্যম স্কুলের ভিড়েও ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করল বাষট্টি বছরের বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ পশ্চিমবঙ্গে যখন বাংলা মাধ্যম স্কুলগুলির চাহিদা ক্রমশ কমে চলেছে এবং অধিকাংশ অভিভাবক ইংরেজি মাধ্যমের দিকেই ঝুঁকছেন, ঠিক সেই সময় ব্যতিক্রমী ছবি ধরা পড়ল চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে। ৬২ বছরেরও বেশি সময় ধরে চলা এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে চলেছে। শনিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ পার্কে অনুষ্ঠিত হল। কচি কচি পায়ে মাঠ দাপিয়ে বেড়াল স্কুলের ছোট ছোট পড়ুয়ারা। কারও বয়স মাত্র দু’বছর, কেউ বা তিন বছরের দরজা পেরিয়েছে। এই খুদে পড়ুয়াদের প্রাণবন্ত উপস্থিতিতে রথতলা মাঠ যেন পরিণত হয়েছিল এক আনন্দের হাটে। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী দেবাশিস মুখার্জি, হুগলি-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান পারিষদ সদস্য জয়দেব অধিকারী এবং স্থানীয় পৌর সদস্যা চন্দ্রিমা ব্যানার্জি সরকার।
প্রসঙ্গত দেবাশীষ মুখার্জি বলেন, শিশুদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তুলে ধরতে হবে। জয়দেব অধিকারী তাঁর বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে শিশুদের ছোটবেলা থেকেই সমাজ সচেতন করে গড়ে তোলার আহ্বান জানান। বিদ্যালয়ের সম্পাদক সৌমিত্র সিংহ জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানোই এই ক্রীড়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।







