এবারের বাজেট ঐতিহাসিক: তারাশঙ্কর রায়
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পেশ হওয়া বাজেটকে ‘ঐতিহাসিক বাজেট’ বলে আখ্যায়িত করলেন বাঁকুড়া জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়। শুক্রবার বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তারাশঙ্কর রায়, অলকা সেন, বাঁকুড়া জেলা আইএনটিটিইউসির সভাপতি রথীন ব্যানার্জি, বিষ্ণুপুর সাংগঠনিকের সভাপতি সুব্রত দত্ত, বিষ্ণুপুর সাংগঠনিকের চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর সাংগঠনিক আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
তারাশঙ্কর রায় জানান, এবারের বাজেটে ভূমিহীন খেতমজুরদের বছরে দু’কিস্তিতে চার হাজার টাকা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এক ঐতিহাসিক পদক্ষেপ। তাঁর দাবি, দেশের অন্য কোনও রাজ্যে প্রান্তিক মানুষের জন্য এমন সুবিধা নেই। পাশাপাশি, মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সী যুবকদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তকেও তিনি উল্লেখযোগ্য বলে জানান। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য মাসিক ৫০০ টাকা বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের ভাতা এক হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনমুখী ও কল্যাণমূলক বাজেট বিধানসভায় পেশ করেছেন।
সব মিলিয়ে এই বাজেটকে সর্বতোভাবে ‘ঐতিহাসিক বাজেট’ বলেই আখ্যায়িত করা যায় বলে মন্তব্য করেন তৃণমূল নেতা। জনমুখী উন্নয়ন ও কল্যাণমূলক বাজেট উপহার দেওয়ার জন্য বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।








