গুরুতর আহত হয়ে সি সি ইউ বেডে মাধ্যমিক পরীক্ষা দিল ভদ্রেশ্বরের ইশিতা
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ গুরুতর আহত হয়ে চুঁচুড়া হাসপাতালের সি সি ইউ বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিল ভদ্রেশ্বরের ইশিতা মন্ডল নামে এক ছাত্রী। সে ভদ্রেশ্বরের বিঘাটি কিশোরী মোহন হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র ছিল দিগরা মল্লিক হাটি দেশবন্ধু বিদ্যাপীঠ। কিন্তু গতকাল বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই পরীক্ষার্থী। তাকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আহত অবস্থায় ইশিতা আজ জানায় সে পরীক্ষায় বসতে চায়। এর আগে বাংলা এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়েছে সে। আজ ছিল ইতিহাস পরীক্ষা। কিন্তু আহত অবস্থায় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল ছাত্রী ও তার পরিবারের লোকজনদের। পরীক্ষায় বসতে চায় এই ইচ্ছা প্রকাশ করায় ছাত্রীর পরিবার সেই মতো স্কুলের সঙ্গে যোগাযোগ করে। স্কুল আবার মধ্যশিক্ষা পর্ষদের জেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিষয়টি জানায়। দায়িত্বে থাকা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির হুগলি জেলা যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই তড়িঘড়ি মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলে ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করেন। সেই মত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে সি সি ইউ ওয়ার্ডে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়।
ছাত্রীর মামা প্রতাপ রায় জানান, ভাগ্নি সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিল। এখনও সে কিছুটা স্থিতিশীল রয়েছে। জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক তাই কষ্ট হলেও সে পরীক্ষায় বসেছে। এ বিষয়ে শুভেন্দু গড়াই বলেন, সময় বাঁচাতে কাছাকাছি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র নিয়ে আসা হয়েছে। পুলিশ পাহারা দিয়ে পরীক্ষকের উপস্থিতিতে যেমন ভাবে পরীক্ষা হয় সেই ভাবেই পরীক্ষা দিচ্ছে ছাত্রী।ছাত্রীর পরিবার হাসপাতালে রয়েছে। হাসপাতালে চিকিৎসকরাও জানিয়েছেন এবার নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে ছাত্রী।








