রাজ্য বাজেটে দাবিপূরণ না হওয়ায় কর্মবিরতিতে অনড় আশা কর্মীরা
অতসী মণ্ডল, কলকাতা: বৃহস্পতিবার রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলেও কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে এখনও অনড় রয়েছেন আশা কর্মীরা। বাজেট বক্তৃতায় আশা কর্মীদের জন্য এক হাজার টাকা অতিরিক্ত ভাতা, মাতৃত্বকালীন ১৮০ দিনের ছুটি এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা এক প্রেস বিবৃতিতে জানান, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের তরফে দীর্ঘদিন ধরে যে দাবিগুলি তোলা হচ্ছিল, তার মধ্যে কয়েকটি দাবি আংশিকভাবে মান্যতা পেয়েছে। তবে ইউনিয়নের মূল দাবি– সরকার ঘোষিত ন্যূনতম ভাতা ১৫ হাজার টাকা প্রদান এবং সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার বিষয়টি এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, এই দাবিগুলি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে এবং বর্তমানে কর্মবিরতির ৪৫তম দিন অতিক্রান্ত হয়েছে। তাঁর অভিযোগ, গত ২১ তারিখ কলকাতায় আন্দোলনে অংশ নিতে এসে রাজ্যজুড়ে আশা কর্মীদের চরম হেনস্তার মুখে পড়তে হয়েছে। সব ধরনের বাধা, প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্য দিয়েই যে সাফল্য এসেছে, তা সম্পূর্ণভাবে আন্দোলনের ফল এবং সংগঠনের কাছে এটি একটি নৈতিক জয়। ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বাজেটে ঘোষণার পরও এখনও কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনায় সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস মিললেও তা এখনও কার্যকর হয়নি। পাশাপাশি গত মাসের ফিক্সড ভাতা নিয়েও নানা বিভ্রান্তি রয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ কর্তৃপক্ষের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের ফলাফল এবং রাজ্যজুড়ে আশা কর্মীদের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।







