বোনাস বিতর্ক মিটিয়ে ফের চালু দেবপাড়া চা বাগান, স্বস্তিতে ১১৭৪ শ্রমিক পরিবার
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, জলপাইগুড়ি: দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর ও অচলাবস্থার অবসান ঘটিয়ে পুনরায় খুলে গেল ডুয়ার্সের বানারহাট ব্লকের বন্ধ দেবপাড়া চা বাগান। বোনাস সংক্রান্ত বিবাদের জেরে গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে বাগানটি বন্ধ হয়ে গিয়েছিল শ্রমিক মালিক অসন্তোষের জেলে। বন্ধ থাকা এই চা বাগান চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিক ও তাঁদের পরিবারবর্গ। মালিকপক্ষের সংগঠন আইটিপিএ-র জলপাইগুড়ি কার্যালয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনার ভিত্তিতেই বাগান খোলার সিদ্ধান্ত কার্যকর করা হয়। বৈঠকে শ্রমিকদের বকেয়া পাওনা, ভবিষ্যৎ পরিচালনা ও কর্মপরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, দীর্ঘ সময় বাগান বন্ধ থাকায় দেবপাড়া চা বাগানের ১১৭৪ জন স্থায়ী শ্রমিকের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছিল। কাজ বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছিল বহু পরিবারকে। বাগান চালু হওয়ায় ফের রোজগারের পথ খুলল শ্রমিকদের। বাগান খোলার খবরে এলাকাজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়েছে। শ্রমিক মহলের আশা, আলোচনার মাধ্যমে মিটে যাওয়া সমস্যা আর নতুন করে সংকট তৈরি করবে না।








