১ মার্চ থেকে হিমাচলের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ
শিমলা: হিমাচল প্রদেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। বৃহস্পতিবার বিলাসপুর জেলার ঘুমারউইনে আয়োজিত ৬৯তম ন্যাশনাল স্কুল গেমস-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন, যা আগামী ১ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী জানান, স্কুলের ভেতরে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে ৫০০ টাকা জরিমানা এবং ডিভাইসটি বাজেয়াপ্ত করা হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবকদের স্কুলে ডেকে বাধ্যতামূলকভাবে কাউন্সিলিং সেশনে অংশ নিতে হবে। বারবার নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নিতে শিক্ষা দফতরকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
সুখবিন্দর সিং সুখু বলেন, টিফিন পিরিয়ড বা ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার্থীরা পড়াশোনা এবং সামাজিক বিকাশ থেকে বিচ্যুত হচ্ছে। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ জরুরি। এছাড়া মুখ্যমন্ত্রী এশিয়ান গেমসে অংশ নেওয়া হিমাচলের নারী অ্যাথলেটদের কর্মসংস্থান এবং জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী হিমাচল দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।








