মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু
শিলং: মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলায় একটি ‘অবৈধ’ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে থাংসকু এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) আই. নংরাং।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করেছে। তবে বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খনির ভেতরে আরও অনেক শ্রমিক আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ব জৈন্তিয়া পাহাড়ের পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে মনে হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে পরিবেশগত ক্ষতি ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় মেঘালয়ে ‘র্যাট-হোল’ বা ইঁদুরের গর্তের মতো সরু সুড়ঙ্গ করে কয়লা উত্তোলন নিষিদ্ধ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টও পরবর্তীতে এই নিষেধাজ্ঞা বহাল রাখে। তা সত্ত্বেও আইন অমান্য করে এই বিপজ্জনক পদ্ধতিতে কয়লা উত্তোলনের ফলেই এই মর্মান্তিক প্রাণহানি ঘটল।








