কৃষকদের কথা মাথায় রেখে ভাঙড়ে চালু হতে চলেছে বৃহৎ ফুড প্রসেসিং ইউনিট
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা মূলত কৃষিপ্রধান জেলা। এখানকার মানুষের জীবন-জীবিকা অনেকাংশেই চাষবাসের উপর নির্ভরশীল। রাজ্যের সবজি ও ফলমূল উৎপাদনে এই জেলা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সেই বাস্তবতাকে সামনে রেখেই এবার জেলার কৃষকদের জন্য বড় সুখবর আসতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে ভাঙড়ে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বৃহৎ ফুড প্রসেসিং ইউনিট তৈরি হতে চলেছে। প্রায় পাঁচতলা বিশিষ্ট এই ইউনিটটি দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রথম এই ধরনের ফুড প্রসেসিং পরিকাঠামো হতে চলেছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র উদ্যোগে ইতিমধ্যেই নির্মাণকাজ শুরু হয়েছে। সরকারের তরফে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।
এই ফুড প্রসেসিং ইউনিট চালু হলে শুধু ভাঙড় নয়, ভাঙড় সংলগ্ন ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে সবজি ও ফল এই ইউনিটে আসবে, যার ফলে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনই কৃষকরাও তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন। জেলা প্রশাসনের মতে, প্রতিদিন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো গাড়ি সবজি ও ফল শহরের দিকে পাঠানো হয়। ফুড প্রসেসিং ইউনিট ও হিমঘর ব্যবস্থা গড়ে উঠলে কৃষকরা ফসল সংরক্ষণের সুযোগ পাবেন, উৎপাদিত ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে এবং সময়মতো সঠিক মূল্য নিশ্চিত হবে। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি নিলীমা বিশাল মিস্ত্রী জানান, জেলার কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলবে বলে তিনি আশাবাদী।








