বহড়ু বিডিও অফিস থেকে ৭ হাজার মুরগির বাচ্চা বিতরণ, কর্মসংস্থানে উদ্যোগ পঞ্চায়েত সমিতির
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বহড়ু:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যজুড়ে একাধিক প্রকল্প রূপায়িত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহায়তায় বহড়ুস্থিত জয়নগর এক নম্বর ব্লক অফিস থেকে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্যদের কোটা এবং পঞ্চায়েত সমিতির কোটায় মোট ৭ হাজার মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এদিন ১২টি পঞ্চায়েত এলাকার অন্তর্গত মোট ৭০০ জন উপভোক্তার হাতে ১০টি করে, ২৮ দিনের মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়।
এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ ভবেশ রঞ্জন চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য তপন কুমার মণ্ডল, বন ও ভূমি কর্মাধ্যক্ষ শুকুর আলি, শিক্ষা কর্মাধ্যক্ষ মানস নস্কর, জয়নগর এক নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকসহ আরও অনেকে। এ বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ ভবেশ রঞ্জন চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের উদ্যোগে বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এদিন ৭ হাজার মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস জানান, ২০২৫–২৬ অর্থবর্ষে এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের পথ আরও সুগম হলো।








