বিপুল পরিমাণ মাদকসহ দুইজন গ্রেফতার বারুইপুরে
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: বারুইপুর থানার পুলিশের আরও এক উল্লেখযোগ্য সাফল্য। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ। বারুইপুর থানার আইসি অর্ধেন্দু দে সরকারের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল চম্পাহাটি ফুলতলা রোডে অভিযান চালায়। সেই সময় সন্দেহভাজন একটি টাটা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হলে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ৮৭.৬৮৯ কেজি গাঁজা। মাদকদ্রব্যগুলি উদ্ধার করা হয় মুফাসার মোল্লা ও মাবুদ আলী হালদারের হেফাজত থেকে। এছাড়াও অভিযানের সময় পুলিশ দুটি স্মার্টফোন ও একটি কী-প্যাড মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়েছে। এই মাদকচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।








