আগামীকাল রাজ্য বাজেট পেশ এসআইআর: বিধানসভায় বিশেষ অধিবেশন
নতুন পয়গাম, কলকাতা: মঙ্গলবার থেকে শুরু হল পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। কাল বৃহস্পতিবার ৫ তারিখ পেশ হবে রাজ্য বাজেট। এটাই চলতি বিধানসভা তথা মমতা ব্যানার্জীর সরকারের শেষ বাজেট। এর আগে কথা ছিল ২ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। কিন্তু মূলত এসআইআর এবং মাধ্যমিকের কারণে সেই সূচি সামান্য পিছিয়ে দেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অধিবেশনের প্রথমার্ধে রাজ্যপালের ভাষণ এবং দ্বিতীয়ার্ধে বাজেট সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে।
এবারের অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে বিশেষত এসআইআর ইস্যুকে কেন্দ্র করে। সোমবার স্পিকার স্পষ্ট জানান, এই বিষয়কে ঘিরে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হচ্ছে। ইতিমধ্যেই দুটি মোশন জমা পড়েছে, একটি সরকার পক্ষের এবং অন্যটি আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর তরফে। বিধানসভার নিয়ম মেনে সরকার পক্ষের প্রস্তাব গ্রহণ করা হলেও বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
অধ্যক্ষ বিমানবাবুর কথায়, এসআইআর চালু হওয়ার পর একাধিক মৃত্যুর অভিযোগ এবং আহত হওয়ার ঘটনা সামনে এসেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেই মনে করছে রাজ্য সরকার। অধিবেশনের আগে সর্বদল বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ জানানো হলেও তারা যোগ দেননি বলে অভিযোগ স্পিকারের। তবু তিনি আশাবাদী, সংসদীয় রীতি মেনেই চলতি বাজেট অধিবেশন চলবে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার পূর্ণাঙ্গ বাজেটের বদলে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হচ্ছে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ অধিবেশন।








