শবে বরাতে কলকাতায় যান নিয়ন্ত্রণ, ট্রাফিক বিজ্ঞপ্তি জারি
নতুন পয়গাম, কলকাতা: শবে বরাত উপলক্ষে শহরের নিরাপত্তা, জনস্বার্থ এবং যানজট নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। বুধবার শবে বরাতকে কেন্দ্র করে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। কলকাতার নতুন কমিশনার সুপ্রতীম সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গার্ডেনরিচ, আকড়া, পাহাড়পুর, ডা. এ কে রোড, বিদ্যাসাগর সেতু, একবালপুর, ডায়মন্ড হারবার রোড, এজেসি বোস রোড, সিআইটি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ শহরের মোট ৩৬টি গুরুত্বপূর্ণ রাস্তায় সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি পরিষেবার স্বার্থে একাধিক ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। দুধ, ওষুধ, অক্সিজেন, মাছ, ফল, সব্জি, পেট্রোলিয়াম দ্রব্য ও এলপিজি পরিবহণকারী যান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পাশাপাশি ১৬০০ কেজির কম ওজনের হালকা পণ্যবাহী গাড়ি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলাচলের অনুমতি পাবে।
এছাড়াও কলকাতা বন্দরের সঙ্গে যুক্ত পণ্যবাহী গাড়িগুলি ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক পুলিশ প্রয়োজন হলে বিভিন্ন রাস্তায় যানবাহন ঘুরিয়ে দিতে পারে।
পুলিশের পক্ষ থেকে শহরবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, উৎসবের দিন অপ্রয়োজনীয় সফর এড়িয়ে ট্রাফিক নির্দেশিকা মেনে চলতে। শবে বরাত উপলক্ষে শান্তিপূর্ণ ধর্মীয় আচার পালনের পাশাপাশি শহরের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে।
নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি বিভিন্ন থানার পুলিশ রাস্তায় মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নজরদারির জন্য সিসি ক্যামেরার সাহায্য নেওয়া হবে। যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ আরও জানিয়েছে, প্রয়োজনে অতিরিক্ত ঘোষণা বা সংশোধিত নির্দেশিকা জারি করা হতে পারে। তাই রাস্তায় বেরোনোর আগে সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








