ইন্দো-মার্কিন চুক্তি চূড়ান্ত, শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের
নতুন পয়গাম, ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলোচনার পরই ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে।
তবে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো ছিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ফলে সেই ইস্যুতে আপাতত অনিশ্চয়তা থেকেই গেল।
ট্রাম্প দাবি করেছেন, এই বাণিজ্যচুক্তি কার্যকর হলে আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য, কয়লা ও অন্যান্য সামগ্রী কিনবে ভারত। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন।
ট্রাম্পের ঘোষণার পরেই প্রধানমন্ত্রী মোদীও চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। এক্স-এ দেওয়া বার্তায় তিনি লেখেন, “আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্তের জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ।”
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও আমেরিকার মতো দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হয়। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন মোদী।








