শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠে পরীক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা
নতুন পয়গাম: ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। রাজ্যজুড়ে বিভিন্ন বিদ্যালয়ে শুরু হয়েছে এই পরীক্ষা। তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রসুলপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম, ব্রহ্মাণী নদীর পাড়ে অবস্থিত বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ বিদ্যালয়েও এ বছর মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। উল্লেখ্য, করোনাকালেও একবার এই বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র হয়েছিল বলে জানা যায়। চলতি বছরে এই কেন্দ্রে মোট ৩২১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসার অনুমতি পেয়েছে। নির্ধারিত নিয়ম মেনেই পরীক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের উৎসাহ বাড়াতে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়। নবগ্রাম ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের প্রতিনিধি আসিফ ইকবাল আহমেদ, বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের, রসুলপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি এবং হাজবিবি ডাঙা পঞ্চায়েতের প্রধানদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের হাতে পেন, জলের বোতল, মিষ্টিমুখের জন্য চকলেট ও একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই আন্তরিক অভ্যর্থনায় পরীক্ষার্থীরা যথেষ্ট খুশি ও অনুপ্রাণিত হয়েছে বলে জানা যায়। অন্যদিকে, বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ বিদ্যালয়ে এ বছর পরীক্ষার কেন্দ্র হওয়ায় অভিভাবক-অভিভাবিকারাও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, বিদ্যালয়টি প্রত্যন্ত গ্রামে অবস্থিত হলেও অনেক পরীক্ষার্থীর বাড়ির কাছাকাছি হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। সার্বিকভাবে বলা যায়, সুষ্ঠু ব্যবস্থাপনা ও মানবিক উদ্যোগে বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা।








