নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী
নতুন পয়গাম, কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ও বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জাতীয় নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেছেন, সমগ্র প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। শেষমেশ তা-ই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই মামলা দায়ের করে কমিশনকে জোর চাপে ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে, বুধবার তৃণমূলের তরফে রাজনৈতিকভাবে দায়ের করা এসআইআর সংক্রান্ত পুরনো মামলার শুনানি রয়েছে। সেই মামলার সঙ্গে এই আবেদন শোনা হবে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর দায়ের করা নতুন মামলার শুনানি হতে পারে শীর্ষ আদালতে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার ভুল-ত্রুটি সহ একাধিক দিক নিয়ে মোট ছয় বার মুখ্য জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও কাজ না হওয়ায় এবার বাধ্য হয়েতই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী। এই মামলার রায় কী হয়, তাই এখন দেখার।








