সংখ্যালঘু খাতে বরাদ্দ ৩,৪০০ কোটি
নতুন পয়গাম, নয়াদিল্লি: এবার কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জন্য মোট ৩,৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। যা আগের বছরের চেয়ে ৫০ কোটি টাকা বেশি। গতবার এই খাতে অনেক কমিয়ে বরাদ্দ করেছিল ৩৩৫০ কোটি টাকা। এবার আসন্ন ৫ রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে হয়ত কিছুটা বাড়ানো হল। যদিও গতবার সারা দেশে সংখ্যালঘু উন্নয়নে ব্যয় হয়েছিল ২১৬০ কোটি ৪৫ লক্ষ টাকা। উল্লেখ্য, সংখ্যালঘু মানে কেবল মুসলিম নয়। এদেশে সংখ্যালঘু হল শিখ, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন, পারসি ইত্যাদি সম্প্রদায়।
এবার সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাগত ক্ষমতায়নের জন্য ৮৩১.৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় খাতের প্রকল্প এবং প্রকল্পগুলির জন্য মোট ১,১৯৭ কোটি ৯৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশনে ইক্যুইটি অবদানের জন্য, ৯১৫ কোটি টাকা বাজেটে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্র সরকার সারা দেশের জন্য সংখ্যালঘু উন্ননয়নে ৩৪০০ কোটি বরাদ্দ করলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই খাতে ৫ হাজার কোটিরও বেশি গতবার বরাদ্দ করেছিল।








