বিদেশে চাকরি দেওয়ার নামে ভিসা জালিয়াতি, উস্তিতে গ্রেফতার তিন
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো ভিসার মাধ্যমে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ২২টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করত। গত ১৭ জানুয়ারি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা ফারুক মণ্ডল উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, শিরাকোল ও রাজারহাট মোল্লাপাড়ার কয়েকজন ব্যক্তি বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে প্রায় ২২ জনের কাছ থেকে মাথাপিছু ২ থেকে ৩ লক্ষ টাকা করে নেয়। পরবর্তীতে ভিসা দেওয়া হলেও সেগুলি ভুয়ো বলে জানা যায়।
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে উস্তি থানার পুলিশ। তদন্তে নেমে গত ২৫ জানুয়ারি গোলাম মোস্তফা শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে ২৭ জানুয়ারি রামিজ উদ্দিন শেখ ও আফ্রিদি শেখ নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনই উস্তি থানার শিরাকোল ও রাজারহাট মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্দীপ গড়াই রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তরা রাজ্যের বিভিন্ন এলাকায় ভুয়ো ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে প্রতারণামূলকভাবে ভিসা জালিয়াতি চালাত। ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।








