রামপুরহাটে জামায়াতে ইসলামী হিন্দের রক্তদান শিবির
নতুন পয়গাম, রামপুরহাট, ১ ফেব্রুয়ারি: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বীরভূম জেলা জামায়াতে ইসলামী হিন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মহান রক্তদান শিবির। রবিবার সকাল ১০টায় রামপুরহাট জেলা জামায়াত অফিস প্রাঙ্গণে ‘মানবতার সেবায়, মানুষের পাশে’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালিত হয়। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের এই মহান ত্যাগের জন্য উৎসাহিত ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দের উপস্থিতি এবং উৎসাহদান সমগ্র অনুষ্ঠানটিতে এক অন্য মাত্রা যোগ করে।শিবির ঘিরে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। আয়োজকদের সূত্রে জানা গেছে, এদিনের শিবিরে মোট ৪০ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। পাশাপাশি, ভবিষ্যতের জরুরি প্রয়োজনে বা কোনো মুমূর্ষু রোগীর তাৎক্ষণিক রক্তের চাহিদা মেটাতে আরও ২০ জন ইচ্ছুক রক্তদাতার নাম ‘সংরক্ষিত’ (Reserve) তালিকায় নথিভুক্ত করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা ও আর্তমানবতার পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রয়োজনে তাঁরা সর্বদা প্রস্তুত। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে রক্তদান শিবিরটি সম্পন্ন হওয়ায় আয়োজক সংস্থা রক্তদাতা, স্বাস্থ্যকর্মী এবং উপস্থিত সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।







