প্লাটিনাম জয়ন্তীতে চুঁচুড়ার ঐতিহ্যবাহী কনকশালী ব্যায়াম সমিতি
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ শত গর্বের পালক মাথায় নিয়ে চুঁচুড়া শহরের ঐতিহ্যবাহী কনকশালী ব্যায়াম সমিতি প্লাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করল। ব্যায়ামবীর তাপস ভট্টাচার্য, অজিত গাঙ্গুলী ও নিমাই ঘোষের হাত ধরে যাত্রা শুরু করা এই ব্যায়াম সমিতি দীর্ঘদিন ধরে শরীরচর্চা ও শৃঙ্খলার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। বর্তমানে দেড়শোরও বেশি সদস্য নিয়ে এই ক্লাব আন্তর্জাতিক স্তরে ব্যায়ামবীর উপহার দিয়ে নিজেদের গৌরবে গৌরবান্বিত করেছে। রবিবার সকালে প্লাটিনাম জয়ন্তী বর্ষের সূচনায় এক পদযাত্রার আয়োজন করা হয়। সেই পদযাত্রার মধ্য দিয়েই উৎসবের সূচনার খবর শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়। এদিন ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল। শ্রীঅরবিন্দ ও স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবধারায় অনুপ্রাণিত এই ব্যায়াম সমিতি সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজন করে থাকে। ক্লাবের সম্পাদক দুর্গাদাস চ্যাটার্জী জানান, প্লাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি চুঁচুড়া রবীন্দ্র ভবনে রাজ্য দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবযানী দত্ত, শিশিররঞ্জন চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।








