এসআইআর-এর বিরোধিতায় বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: এসআইআর-এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সাংগঠনিকের পক্ষ থেকে আজ একাধিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গঙ্গাজলঘাটি ব্লক–২-এর উদ্যোগে দুর্লভপুর মোড়ে এবং মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেজিয়ায় দুটি পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই দুই সভাতেই উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের নেতৃত্বের পাশাপাশি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। সভা দুটিতে বক্তব্য রাখেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা এবং বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি রথীন ব্যানার্জি।
বক্তারা সভা মঞ্চ থেকে বলেন, বিজেপি বুঝে গিয়েছে যে গণতান্ত্রিক উপায়ে বাংলায় তারা কোনওদিনই ক্ষমতায় আসতে পারবে না। সেই কারণেই কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর-এর নাম করে বাংলার সাধারণ মানুষকে নানা ভাবে হেনস্তা ও হয়রানি করছে বলে অভিযোগ করেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রের সরকার নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ স্বশাসিত সংস্থাকে ব্যবহার করে এবং নির্বাচন কমিশনারের মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সভা থেকে আরও জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে এই সব কিছুর উপযুক্ত জবাব বাংলার মানুষ বিজেপিকে দেবে।







