মুরারইয়ে লিটল এঞ্জেলস একাডেমির দ্বাদশ বার্ষিক অনুষ্ঠানে সাংস্কৃতিক জোয়ার
নতুন পয়গাম, মুরারই, বীরভূম: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারইয়ে গত ১লা ফেব্রুয়ারি লিটল এঞ্জেলস একাডেমির দ্বাদশ বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হল বিদ্যালয় ক্যাম্পাসে। মাঘের শীত উপেক্ষা করে অভিভাবক-অভিভাবিকাদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেল তিনটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাব্রতী, গল্পকার এবং মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোস্ত মহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক তথা লিটল এঞ্জেলস একাডেমির প্রাক্তন শিক্ষক মতিয়ার রহমান, কলহপুর হাই মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক আতাহারুল হক, মুরারই কবি নজরুল কলেজের প্রাক্তন শিক্ষক মীর জুমলা হোসেন, আর এন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের সেখ এবং সমাজসেবী বদরুদ্দোজা সেখ প্রমুখ। অতিথিদের ব্যাজ, গোলাপ কুঁড়ি ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষিকাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাম ডিরেক্টর মিজানুর রহমান। কবিতা, গান ও নৃত্যের সমন্বয়ে মাঘের বিকেল কখন যে সন্ধ্যায় রূপ নেয়, তা উপস্থিত দর্শকদের অজানাই থেকে যায়। একাডেমির ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান ছিল বিশেষভাবে প্রশংসনীয়। বাংলা ভাষার শিক্ষক উত্তম মালের পরিচালনায় সুকুমার রায়ের বাংলা নাটিকা এবং ইংরেজি ভাষার শিক্ষক মইদুল ইসলামের পরিচালনায় ইংরেজি নাটক ‘Responsible Negligence’ দর্শকদের মন জয় করে নেয়। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে একাডেমিক পুরস্কার তুলে দেওয়া হয়। অসাধারণ আতিথেয়তা ও শিক্ষার্থীদের মনোগ্রাহী পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুর রহমান মণ্ডল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি ভাষার শিক্ষক মইদুল ইসলাম, মহম্মদ মোবিনুর রহমান এবং মহম্মদ রাইহান।








