বইমেলায় কবি উজ্জ্বল হালদারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
নতুন পয়গাম, কলকাতা: ৪৯তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় প্রকাশ পেল কবি উজ্জ্বল হালদারের নতুন কাব্যগ্রন্থ ‘কথায় আঁকা কলমকারি’। মেলার ৩৮৮ নং স্টলে গত শুক্রবার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন স্বনামধন্য সাহিত্যিক ও ভিন্নমুখী গবেষক ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায় এবং সম্পাদিকা ও কবি সুরঙ্গমা ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায় কাব্যগ্রন্থটির বিষয়ভাবনা, ভাষার নির্মাণ এবং প্রকাশভঙ্গির আধুনিকতার বিশেষ প্রশংসা করেন। তাঁর মতে, সমকালীন কবিতার ধারায় ‘কথায় আঁকা কলমকারি’ একটি স্বতন্ত্র সংযোজন, যেখানে সংক্ষিপ্ত কবিতার ভেতরেই গভীর ব্যঞ্জনা ও অনুভবের বিস্তার ঘটেছে। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ব্যতিক্রমী চিত্রশিল্পী তৌসিফ হক। তাঁর শিল্পিত ও ভাবনাসমৃদ্ধ প্রচ্ছদ উন্মোচনের মুহূর্ত থেকেই উপস্থিত পাঠক ও সাহিত্যপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। ছোটো ছোটো কবিতায় সাজানো এই কাব্যগ্রন্থে অনুভূতির সূক্ষ্ম বিন্যাস, চিত্রকল্পের অভিনবত্ব এবং ভাষার সংযম বিশেষভাবে লক্ষণীয়।
‘কথায় আঁকা কলমকারি’ একটি ভাব ও ব্যঞ্জনাগর্ভ কাব্যগ্রন্থ, যা বিভিন্ন শ্রেণির পাঠকের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য হবে বলে সাহিত্য মহলের অভিমত।
‘কথায় আঁকা কলমকারি’
উজ্জ্বল হালদার
বই-ভব পাবলিশার্স
মুদ্রিত মূল্য ১৭৫ টাকা








