মানবতার ফেরিওয়ালার উদ্যোগে ফ্রি কোচিং সেন্টারের পড়ুয়াদের বনভোজন
নতুন পয়গাম: মানবতার ফেরিওয়ালার সংস্থার উদ্যোগে ফ্রি কোচিং সেন্টারের পড়ুয়াদের নিয়ে এক বনভোজনের আয়োজন করা হয়। ১ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশে সময় কাটান সংস্থার সদস্যরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবার অঙ্গ হিসেবে সদস্যরা নিজেদের ব্যক্তিগত আনন্দ ও বিনোদনের খরচ সাশ্রয় করে সেই অর্থ ব্যয় করেন ফ্রি কোচিং সেন্টারের পড়ুয়াদের জন্য। মূল উদ্দেশ্য ছিল পড়ুয়াদের মানসিক উৎকর্ষ ও আনন্দের সুযোগ করে দেওয়া। দিনভর এই কর্মসূচিতে পড়ুয়াদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়। সকালে নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দুপুরে বিশেষভাবে আয়োজিত মধ্যাহ্নভোজ হিসেবে বিরিয়ানি পরিবেশন করা হয় এবং সন্ধ্যায় হালকা টিফিনের ব্যবস্থাও করা হয়। খাবারের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে গল্প, আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটান সংস্থার সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালার সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম শেখ, সহ-সভাপতি নয়ন শেখ, সম্পাদক হুমায়ন কবিরসহ সংস্থার অন্যান্য সদস্যরা। এছাড়াও ফ্রি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পড়ুয়ারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগে পড়ুয়াদের মধ্যে খুশি ও উৎসাহ লক্ষ্য করা যায়। এলাকাবাসীর মধ্যেও কর্মসূচিটি প্রশংসা পেয়েছে। সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা জোরদার করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত প্রকাশ করেছেন উপস্থিতরা।








