সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সিপিএম জোট করবে না সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে কান্তি গাঙ্গুলির প্রতিক্রিয়া
নতুন পয়গাম, কলকাতা: আসন্ন নির্বাচনের আগে জোট রাজনীতি নিয়ে যখন সিপিএমের অন্দরে চর্চা তুঙ্গে, ঠিক সেই সময়েই দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি পদক্ষেপ ঘিরে অস্বস্তি প্রকাশ করলেন দলের প্রবীণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের বৈঠকের পর কান্তির মন্তব্য রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। তবে কি নিজের দলের রাজ্য সম্পাদকের উপরেই অনাস্থা প্রকাশ করলেন তিনি?
সম্প্রতি হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পর মহম্মদ সেলিম জানান, বন্ধুত্বপূর্ণ পরিবেশে সদর্থক আলোচনা হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে জোটের কথা বলেননি। কিন্তু এই বৈঠককে কেন্দ্র করেই অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী কান্তিবাবু। তাঁর সাফ বক্তব্য, “সিপিএম কোনও অবস্থাতেই সাম্প্রদায়িক বা মৌলবাদী শক্তির সঙ্গে আপস বা জোটে যাবে না। এই বিশ্বাস ও ভরসা আছে। সিপিএমের মতো বামপন্থী দলগুলি এই ধরনের দলের সঙ্গে জোট করবে বলে আমি বিশ্বাস করি না।”
বর্ষীয়ান নেতা কান্তির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, জোট নিয়ে টানাপড়েনের আবহে এই বক্তব্য বাম শিবিরের অস্বস্তি আরও বাড়াবে। যদিও বিষয়টিকে হালকা করার চেষ্টা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “সংবাদমাধ্যমে যা দেখেছি, তাতে সেলিম বলেছেন, এটা জোটের ব্যাপার নয়, মন বুঝতে গিয়েছিলেন। মন বোঝার চেষ্টা করা সবসময়ই ভাল। যদি শরিক দলগুলির মধ্যে ভিন্ন মত থাকে, তা হলে নিশ্চয়ই আলোচনা হবে। সেই আলোচনায় মহম্মদ সেলিম নিজেই থাকবেন এবং প্রয়োজন হলে নিজের বক্তব্য স্পষ্ট করবেন।” সব মিলিয়ে, জোট প্রশ্নে সিপিএমের অন্দরের এই ভিন্ন সুর আগামী দিনে দলীয় অবস্থানকে কোন দিকে নিয়ে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।








