সাগরদিঘীতে শান্তি-সম্প্রীতির বার্তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
নতুন পয়গাম, রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: মানবিকতা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এলো মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের চামুণ্ডা গ্রাম থেকে। অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন এন্ড চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো শান্তি-সম্প্রীতির বার্তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ট্রাস্টের সম্পাদক আহমেদ রেজার আয়োজনে এই কর্মসূচিতে প্রায় ৩০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের এই কনকনে ঠান্ডায় এমন উদ্যোগে উপকৃত হন এলাকার বহু দরিদ্র মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘীর বিডিও শতাংশু নাথ চক্রবর্তী, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন এন্ড চেরিটেবল ট্রাস্টের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন, ভারতী হাঁসদা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাস্টের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বলেন, রাজ্যে SIR ইস্যুতে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। পাশাপাশি তিনি এই ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে সন্তোষ ও প্রশংসা লক্ষ্য করা যায়। স্থানীয় মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আবেদন জানান।








