বাইসনের হামলা, গুরুতর আহত দুই সাইকেল আরোহী
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: মরাঘাট জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাজ্য সড়কে সাইকেল আরোহীদের উপর বাইসনের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি মহকুমার বানারহাটের গয়েরকাটা এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই সাইকেল আরোহী। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামে ঘুরে ঘুরে সুপারি কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই দুই ব্যক্তি। সেই সময় খুট্টিমারি জঙ্গলের ৩ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় আচমকা একটি বাইসন সাইকেলের উপর হামলা চালায়। বাইসনের তাণ্ডবে সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। তবে বরাত জোরে প্রাণে বাঁচেন সাইকেল আরোহীরা, যদিও দু’জনেই গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
বনদপ্তর সূত্রে জানা গেছে, মরাঘাট রেঞ্জের জঙ্গলে বাইসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জঙ্গলের ঘনত্ব বাড়ার পাশাপাশি বাইসনের সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। বনকর্মীদের পক্ষ থেকে জঙ্গলের মধ্য দিয়ে চলাচলের সময় সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নবিরুল ইসলাম বাইসনের হামলায় আহত ব্যক্তি বলেন,” গয়েরকাটা থেকে আমরা দুরামারীর দিকে বাড়ি ফিরছিলাম একটি ভার্সন দৌড়ে এসে আমার সাইকেলের উপরে হামলা চালায় আমার সাইকেলটি পুরো বেঁকে গিয়েছে। কপাল জোরে আমি প্রাণে বেঁচে গেছি। এখনো ভয়ে বুক কাঁপছে। ” মরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার চন্দন দত্ত বলেন, “মরাঘাট জঙ্গলে বেশ কয়েকটি বাইসন রয়েছে, জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া রাজ্য সড়ক দিয়ে চলাফেরা করার সময় সাবধানে চলাফেরা করা উচিৎ। ”








