ভেনেজুয়েলার উপর মার্কিন আক্রমণের প্রতিবাদে জয়নগরে এস ইউ সি আই-এর বিক্ষোভ মিছিল
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ভেনেজুয়েলার উপর মার্কিন আক্রমণ এবং সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়ে বিচারের প্রহসনের অভিযোগের প্রতিবাদে বুধবার বিকেলে জয়নগরে বিক্ষোভ মিছিল ও সভা করল এস ইউ সি আই। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। জয়নগরের স্টেশন মোড়ে অবস্থিত এস ইউ সি আই-এর দলীয় অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জয়নগর থানার মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এস ইউ সি আই-এর কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
এদিনের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন এস ইউ সি আই দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্কর, রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার, জেলা সম্পাদক নিরঞ্জন নস্কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করেন। পাশাপাশি এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নীরব ভূমিকারও সমালোচনা করা হয়। তাঁদের বক্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের হস্তক্ষেপ বিশ্বশান্তির পক্ষে বিপজ্জনক। সভা শেষে প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলে অগ্নিসংযোগ করেন তরুণকান্তি নস্কর। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।







