২৬শে নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়িতে তৃণমূলের জোরদার কর্মসূচি, বিজেপিকে হটানোর ডাক
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ধূপগুড়িতে আবারও প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে ধূপগুড়ি শহরের চৌপতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পোস্টার ও দলীয় পতাকা লাগানোর কর্মসূচি পালন করল তৃণমূল যুব কংগ্রেস। ধূপগুড়ি টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক যুব কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শহর জুড়ে তৃণমূলের সবুজ-সাদা পতাকায় ঢেকে যায় এলাকা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ দে সরকার, সম্পাদক দিবাকর রায়, যুব নেতা জেসমিন আলম, শোভন নাগ সহ অন্যান্য নেতৃত্বরা। তাঁদের নেতৃত্বেই এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। পোস্টারগুলিতে বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় স্লোগান লেখা হয় “বিজেপিকে ভোট দিলে কাকা, ডিটেনশন ক্যাম্প একেবারে পাকা”।
এবং “বাঁচতে চাই তাই, বিজেপি বাই বাই।” এ প্রসঙ্গে শুভ দে সরকার বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে এবং থাকবে। বিজেপির ভয়ঙ্কর রাজনীতি থেকে মানুষকে বাঁচাতেই এই কর্মসূচি। তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি সহ গোটা রাজ্যেই তৃণমূল কংগ্রেস বিপুল জয় লাভ করবে। তিনি আরও বলেন, এখন থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় পোস্টার ও পতাকা লাগিয়ে বিজেপিকে উৎখাত করার বার্তা পৌঁছে দেওয়া হবে। তৃণমূলই মানুষের শেষ ভরসা।








