বাঁকুড়ার জনসভা থেকে ‘ফাটাফাটি খেলা’র ডাক মমতার, পাল্টা কটাক্ষ বিজেপির
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া: বাঁকুড়ার জনসভা থেকে ‘ফাটাফাটি খেলা’র ডাক মমতার। আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই শাসক ও বিরোধী– উভয় শিবিরই প্রচারে নেমে পড়েছে জোরকদমে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ– রাজ্য রাজনীতিতে তুঙ্গে নির্বাচনী উত্তাপ।এই আবহে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় একটি জনসভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে তিনি বলেন, “এবার ফাটাফাটি খেলা হবে। এবারের খেলার নাম ফাটাফাটি খেলা।” বিজেপির উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি আরও বলেন, “ওদের জন্য কী থাকবে, সেটা আপনারাই বানিয়ে নিন। আমি আবার বললে খারাপ হবে। আপনারা শক্তিশালী হয়ে ঘুরে বেড়ান।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, “উনি ঠিকই বলেছেন– এবার ফাটাফাটি খেলা হবে। তবে তৃণমূল কংগ্রেসই তৈরি থাকুক। এবার পশ্চিমবঙ্গের মানুষ খেলবে।” এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে– দলীয় কর্মীদের চাঙ্গা করার আড়ালে কি বকলমে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো? নির্বাচন যত এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক বাকযুদ্ধ।







