চলন্ত ট্রেন থেকেই ছিটকে মৃত্যু
খান সাহিল, নতুন পয়গাম, মালদা: এক মুহূর্তের অসতর্কতা, চলন্ত ট্রেন থেকেই ছিটকে মৃত্যু ফরাক্কার তৃণমূল যুবনেতার। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরাক্কার এক তরুণ তৃণমূল যুবনেতা। জানা গেছে, চলন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ট্রেন থেকে পড়ে যান ওই যুবনেতা। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। মৃত যুবনেতার নাম কুলদীপ মণ্ডল। তিনি ফরাক্কা এলাকার তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় নেতা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ট্রেনের প্রচণ্ড ঝাঁকুনিতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ট্রেনের বাইরে ছিটকে পড়েন কুলদীপ।
দ্রুত খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় কর্মীরা বিশ্বাসই করতে পারছেন না এমন পরিণতি হতে পারে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনযাত্রীদের উদ্দেশে ফের সতর্কবার্তা দিয়েছে রেল- চলন্ত ট্রেনে দরজার কাছে দাঁড়ানো এবং মোবাইল ফোনে কথা বলা মারাত্মক বিপজ্জনক।তরুণ বয়সে এমন মর্মান্তিক মৃত্যুতে ফরাক্কা সহ আশপাশের এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে।








