৪৫ তম হুগলি জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি: হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ব্যবস্থাপনায় ৪৫ তম হুগলি জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার হুগলির বলাগড় ব্লকের আয়দা মিলনী সমিতির মাঠে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁই। প্রতিযোগিতায় শ্রীরামপুর, সদর, চন্দননগর ও আরামবাগ, জেলার এই চারটি মহকুমা থেকে মোট ৩২৬ জন প্রতিযোগী ৪২টি বিভাগে অংশগ্রহণ করে। দিনভর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি (শিক্ষা) মন্ডল প্রামাণিক, সহ-সভাপতি বিশ্বজিৎ শীল, হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সেলের কো-অর্ডিনেটর সুবর্ণ মন্ডল, বলাগড় ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব চক্রবর্তী, বলাগড় পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনাক্ষী বিশ্বাস প্রমুখ ।







