কুলগাছিয়ায় অভিনব পিকনিক ইজতেমা
নতুন পয়গাম, হাওড়া: ইসলাম মানুষের জীবনকে ভারসাম্যপূর্ণ করার শিক্ষা দেয়। দৈনন্দিন জীবনে নানা রকমের কর্ম ব্যস্ততা কাটিয়ে ইসলামী সীমার মধ্য থেকে পারস্পরিক সম্পর্ক দৃঢ় এবং মানসিক সতেজতা, আনন্দ ও বিনোদনের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই রবিবার এক অভিনব পিকনিক ইজতেমার আয়োজন করা হয় হাওড়া জেলার কুলগাছিয়ায়। জামাআতে ইসলামী হিন্দের বীরশিবপুর মোকামের এসআইও, জিআইও, সলিডাটিরিটি-সহ সংগঠনের সব শাখা যৌথভাবে এদিন কুলগাছিয়ার জয়রামপুরে দামোদর নদীর তীরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে পিকনিক ইজতেমার আয়োজন করে। এতে ৬ শতাধিক মহিলা, পুরুষ, শিশু-সহ পরিবার-পরিজন উপস্থিত ছিল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলার সভাপতি ডাক্তার নুর আহমেদ মোল্লা, আব্দুল্লাহ সাহেব, বাঁকড়া মোকামের ফারুক আহমেদ, নলপুরের মোকামী আমির আবুল হাসেম, সাহিত্যিক মুজিবর রহমান, সংগীত শিল্পী সেখ দাইয়ান আলী, সিআইও-র জেলা কনভেনর সেখ মারুফ প্রমুখ।
পিকনিকের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ইসলামী ভ্রাতৃত্ববোধ, ভ্রমণের উপকারিতা, ঐক্য ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন, তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পারিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি মানসিক প্রশান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুপুরে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়ার পর ক্যুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা সকলের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করে।
প্রত্যয় সাহিত্য পরিষদ-এর পক্ষ থেকে সাহিত্য উপস্থাপনা, অনন্য সংস্কৃতিক অঙ্গন এবং তামাদ্দুন শিল্পীগোষ্ঠীর সংস্কৃতিক বিনোদনমূলক পরিবেশনা, গান ও নাটক উপস্থিত সকলকে মুগ্ধ করে। আখেরী দোয়া ও মোনাজাতের মাধ্যমে পিকনিক ইজতেমা সমাপ্ত হয়।








