চা বাগানে দলছুট হাতি, আতঙ্ক এলাকায়
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ বানারহাট ব্লকের গেন্দ্রা পাড়ার ১৯ নম্বর এলাকায় একটি দলছুট হাতি চা বাগানে ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, ফির চা বাগানের গেন্দ্রা পাড়ার ১৯ নম্বর সেকশনের একটি পরিত্যক্ত ঝোপের মধ্যে হাতিটি আশ্রয় নিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে এলাকায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ এবং বিন্নাগুড়ি ও ডায়না রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। দীর্ঘ সময় ধরে হাতিটির গতিবিধির উপর নজর রাখা হয়। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা কৌতূহলবশত হাতিটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
বিপদ এড়াতে বনদপ্তরের পক্ষ থেকে আশপাশের এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয় এবং হাতিটির কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। স্থানীয়দের একাংশের অনুমান, পাশের মোরাঘাট ও ডায়না জঙ্গল থেকে রাতের বেলা খাবারের সন্ধানে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছে।
এ বিষয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানান, “মাঝেমধ্যেই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। এবার একটি দলছুট হাতি চা বাগানের পরিত্যক্ত ঝোপে আশ্রয় নিয়েছে। আমাদের বনকর্মীরা সার্বক্ষণিক নজর রাখছেন এবং মাইকিং করে মানুষজনকে সতর্ক করা হচ্ছে, যাতে কেউ হাতিটির কাছে না যায়। রাতের দিকে হাতিটিকে আবার জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে।”
উল্লেখ্য, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে হাতি ও চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্ক বেড়েছে। গভীর জঙ্গল থেকে খাবারের সন্ধানে বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ায় মানব-বন্যপ্রাণী সংঘাত ক্রমশ বাড়ছে। বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের বারবার সতর্ক করা হচ্ছে এবং হাতি দেখা গেলে দ্রুত বনদপ্তরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।







