হারিয়ে যাওয়া শিশু উদ্ধার
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি:
আরামবাগ মহকুমার খানাকুলের পিলখাঁ শিশু মিলনমেলায় পুলিশের তৎপরতায় নিরাপদে উদ্ধার হল প্রায় সাড়ে তিন বছর বয়সী এক শিশু। রবিবার সন্ধ্যায় মেলায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ঘোষপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ বোস ও পুলিশ বাহিনী মেলা প্রাঙ্গণের একটি নির্জন স্থানে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান।
খবর পেয়েই পুলিশ ও মেলার স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন। পরে মেলার মঞ্চ থেকে মাইকিং করে অভিভাবকদের সন্ধান চাওয়া হলে অল্প সময়ের মধ্যেই তাঁরা উপস্থিত হন। রোহন দিগার নামে শিশুটির পরিচয় ও অভিভাবকদের তথ্য যাচাই করে নিশ্চিত হওয়ার পর শিশুটিকে নিরাপদে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি আরামবাগ থানার গৌরহাটি চ্যাটার্জিপাড়া এলাকায়। পুলিশের সময়োপযোগী ও মানবিক পদক্ষেপে একটি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।








