ক্যারাটে ট্রেনিং ক্যাম্প হাওড়ায়
নতুন পয়গাম, হাওড়া: ২১শে ডিসেম্বর ডোমজুড়ের চুনির মাঠ সংলগ্ন এলাকায় সলিডারিটি ইউথ মুভমেন্ট হাওড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত হয় ‘ক্যারাটে ট্রেনিং ক্যাম্প ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান’। জামাত-ই-ইসলামী হিন্দের এই যুব সংগঠনটি রাজ্যজুড়ে বিশেষত যুবসমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে থাকে।
রক্তের চাহিদা মেটাতে ও মুমূর্ষ রোগীর কাছে দ্রুত রক্ত পৌঁছে দিতে সংগঠনটি সম্প্রতি গড়ে তুলেছে ‘লাইভ ব্লাড ডোনার সেল’, যার মাধ্যমে রাজ্যজুড়ে প্রতিদিন বহু মানুষ উপকৃত হচ্ছেন। পাশাপাশি কর্মসংস্থান ও ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রেও এই যুব সংগঠন সহায়তা প্রদান করে থাকে।
এদিনের ক্যারাটে ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিটি হাওড়া জেলার সম্পাদক ও জাতীয় স্তরে পুরস্কারপ্রাপ্ত চ্যাম্পিয়ন মারুফ হোসেন সরদার। আয়োজন প্রসঙ্গে জেলা সভাপতি সাফায়েত আলি বলেন, ক্যারাটে শেখার জন্য একদিন যথেষ্ট না হলেও উৎসাহ ও সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ জরুরি। তিনি অভিভাবকদের ক্যারাটের প্রয়োজনীয়তা বোঝার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিডারিটি পশ্চিমবঙ্গ জোনের রাজ্য সভাপতি আরিফুল রহমান, বিভাগীয় সম্পাদক মফিজুল রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।








