ভূমিপুত্র চিহ্নিতকরণের সরকারি উদ্যোগকে স্বাগত জানাল শেরশাবাদিয়া জনগোষ্ঠী
নতুন পয়গাম, ২১ ডিসেম্বর:
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রকৃত ভূমিপুত্র জনগোষ্ঠী চিহ্নিত করতে যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছে, তাকে ঐতিহাসিক ও সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছে শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট (SUM)। একই সঙ্গে শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে ভূমিপুত্র হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার জোরালো দাবি তুলেছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক শাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, শেরশাবাদিয়া জনগোষ্ঠী কোনও বহিরাগত নয়। মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুর সংলগ্ন অঞ্চলে শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের বসবাস। এই ভূখণ্ডের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হলেও তারা এখনও সরকারি নথিতে অদৃশ্য।
তিনি আরও বলেন, সরকারি স্বীকৃতির অভাবে শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত নানা প্রকল্প থেকে এই জনগোষ্ঠী দীর্ঘদিন বঞ্চিত। দারিদ্র্য, শিক্ষার হার হ্রাস, কর্মহীনতা ও সামাজিক অবহেলা তাদের নিত্যসঙ্গী।
সংগঠনের দাবি, শেরশাবাদিয়া জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সামাজিক রীতি ও ঐতিহাসিক পটভূমি রয়েছে, যা নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণায় প্রমাণিত। সেই তথ্য উপেক্ষা করে আলাদা পরিচয় অস্বীকার করা অন্যায়।
শাহিদুল ইসলাম বলেন, ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি কোনও অনুগ্রহ নয়, এটি সাংবিধানিক অধিকার। সরকার যে প্রক্রিয়া শুরু করেছে তা স্বচ্ছ হলে শেরশাবাদিয়া জনগোষ্ঠীর নাম তালিকাভুক্ত হতেই হবে। সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে ন্যায্য অধিকার আদায়ের কথা জানিয়ে দ্রুত নৃতাত্ত্বিক সমীক্ষা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে সরকারি স্বীকৃতির দাবি জানানো হয়েছে।







