রাজ্য বিশ্ববিদ্যালয় বিলে রাষ্ট্রপতির ‘না’ মুখ্যমন্ত্রীর আচার্য হওয়া আপাতত স্থগিত
নতুন পয়গাম, কলকাতা:
রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুটি সংশোধনী বিল রাষ্ট্রপতির অনুমোদন পেল না। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২২ এবং আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০২২-এ আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় বিলেই সম্মতি দেননি।
রাজভবন সূত্রে জানা যায়, মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। এই প্রেক্ষিতে রাষ্ট্রপতি সংশোধনী বিলগুলিতে অনুমোদন দেওয়া থেকে বিরত রয়েছেন। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর বা আচার্য পদে আপাতত কোনও পরিবর্তন হবে না, রাজ্যপালই থাকবেন।
উল্লেখ্য, নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানো হোক। বিধানসভায় বিল পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন না থাকায় প্রস্তাবিত পরিবর্তন আপাতত কার্যকর হচ্ছে না।








