এসআইআর শুনানি কী এবং কেন ডাকা হয়?
নতুন পয়গাম, কলকাতা:
ভোটার তালিকার বিশেষ পরিমার্জন বা এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বা তথ্য নিয়ে যদি নির্বাচন কমিশনের সন্দেহ হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হিয়ারিং বা শুনানিতে ডাকা হবে। খসড়া তালিকায় নাম না থাকা, ঠিকানা বা জন্মতারিখ নিয়ে গরমিল, এমন যে কোনও কারণেই এই শুনানি হতে পারে।
নির্বাচন কমিশন নোটিস পাঠিয়ে বা মোবাইলে মেসেজের মাধ্যমে শুনানির কথা জানাবে। সেই নোটিস সাধারণত এলাকার বুথ লেভেল অফিসার (BLO) বাড়িতে পৌঁছে দেবেন। শুনানি হবে জেলার মধ্যেই কোনও সরকারি দফতরে, যেমন- জেলা শাসক বা মহকুমা শাসকের দফতরে। শুনানিতে গেলে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) বা অ্যাসিস্ট্যান্ট ERO প্রথমেই জানাবেন, কোন তথ্যের ভিত্তিতে কমিশনের সন্দেহ তৈরি হয়েছে। এরপর আপনার থেকে বৈধ নথি দেখতে চাওয়া হবে।
পরিচয় বা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে জন্ম তারিখের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র বা সমতুল্য কোনও নথি দেখাতে হবে। পাশাপাশি, আপনি রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা, তার প্রমাণ দিতে হবে। সমস্ত নথি ঠিক থাকলে শুনানির পরই নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার কোনও উদ্দেশ্য নেই। তাই নোটিস পেলে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত দিনে শুনানিতে উপস্থিত হতে পরামর্শ দেওয়া হয়েছে।








