এইচ-১বি ভিসা: আবেদকদের সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং শুরু ট্রাম্পের নতুন নিয়মে বড় ধাক্কা ভারতীয় পেশাদারদের
নতুন পয়গাম, নয়াদিল্লি:
এইচ-১বি ভিসার আবেদনকারীদের জন্য নতুন কঠোর নিয়ম চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই নতুন নিয়মে, ভিসা আবেদনকারীদের (নতুন এবং পুনর্নবীকরণ উভয় ক্ষেত্রেই) তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য ‘পাবলিক’ করতে হবে, যা কঠোর নজরদারির অংশ।
ট্রাম্প প্রশাসন সোমবার থেকে এইচ-১বি এবং এই ভিসার উপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের জন্য বর্ধিত স্ক্রিনিং প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার মধ্যে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পরীক্ষা করাও অন্তর্ভুক্ত থাকবে। এই নতুন নির্দেশিকাটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থার সর্বশেষ পদক্ষেপ। এইচ-১বি ভিসা প্রোগ্রামের ‘অপব্যবহার’ বন্ধ করতে মার্কিন প্রশাসন ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এই ভিসা পদ্ধতি ব্যবহার করেই মূলত প্রযুক্তি সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগ করে। এইচ-১বি ভিসা প্রাপ্ত কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ভারতীয় পেশাদাররা।
মার্কিন বিদেশ দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য তাঁদের সমাজমাধ্যমে ‘পাবলিক’ করে রাখতে হবে। সমাজমাধ্যমে তাঁদের কার্যকলাপ বিশ্লেষণ করেই ভিসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন। শুধু কর্মসংস্থান ভিসার ক্ষেত্রেই নয়, পড়ুয়াদের ভিসার ক্ষেত্রেও একই ধরনের যাচাই প্রক্রিয়া থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভিসা দেওয়ার সময় আমেরিকা খতিয়ে দেখবে যে আবেদনকারী আমেরিকা এবং সে দেশের নাগরিকদের কোনো ক্ষতি করতে পারেন কি না। যদি তেমন কোনো সম্ভাবনা থাকে, তবে সেই ভিসার আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হবে।
এই কঠোর নিয়ম চালু হওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন ভারতীয় প্রযুক্তি পেশাদাররা, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য এই ভিসার ওপর নির্ভর করেন।








