বড়জোড়া থানার উদ্যোগে পথ নিরাপত্তা কর্মসূচি
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকড়াঃ
রাজ্যজুড়ে গত কয়েক বছর ধরেই মানুষের জীবনকে দুর্ঘটনামুক্ত রাখতে এবং পথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন নানা মানবিক উদ্যোগ গ্রহণ করে চলেছে। কখনও হেলমেটবিহীন আরোহীদের হাতে গোলাপ ফুল কিংবা মিষ্টি তুলে দেওয়া, কখনও বিনামূল্যে হেলমেট প্রদান, আবার কখনও স্কুলের কচিকাঁচাদের মাধ্যমে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া। এমন নানা অভিনব কর্মসূচি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের দৃষ্টি কেড়েছে এবং সুফলও মিলেছে।
এবার সেই ধারাবাহিকতায় পথ নিরাপত্তা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিল বাঁকুড়া জেলার বড়জোড়া থানা ও ট্রাফিক বিভাগ। তীব্র শীতের রাতে যখন মানুষ লেপ-কম্বলে নিজেদের উষ্ণ রাখতে ব্যস্ত, ঠিক তখনই নাগরিক ও পথ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পথ চলতি যানবাহনের চালকদের শরীর ও মন দু’টোই উষ্ণ রাখতে গরম কফির কাপ তুলে দিলেন কর্তব্যরত পুলিশ আধিকারিক ও কর্মচারীরা।
পুলিশের এই মানবিক ও অভিনব প্রয়াস শীতের রাতে চালকদের সজাগ রাখতে যেমন সাহায্য করেছে, তেমনই পথ দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রেও এক কার্যকর কৌশল হিসেবে প্রশংসা কুড়িয়েছে। চালকরাও পুলিশের এই উদ্যোগে উৎসাহিত ও আপ্লুত হন।
যদিও রাতের বেলায় পথ চলতি সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় খুব বেশি মানুষ সরাসরি এই মহতী উদ্যোগের সাক্ষী হতে পারেননি। তবে লোকমুখে খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষ পুলিশের এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।







