শীতবস্ত্র বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে জয়নগরের অক্ষয় কোচিং অ্যান্ড ড্রয়িং সেন্টার। এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং ‘ভয়েস অফ হিউমান’ নামক এক সামাজিক গোষ্ঠীর সহযোগিতায় বৃহস্পতিবার জয়নগর থানার উত্তর দুর্গাপুরে সারাদিনব্যাপী নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
এই উপলক্ষে শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে আরও আকর্ষণ হিসেবে ছিল ক্যারাটে প্রদর্শন, দেহসৌষ্ঠব প্রদর্শন ও ঐতিহ্যবাহী লাঠি ঘোরানোর প্রদর্শনী।
শীতের তীব্রতা উপেক্ষা করেও স্থানীয় বহু মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ভিড় জমান। সমগ্র অনুষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।








