হুগলীর ইমামবাড়া সদর হাসপাতালের চরম অব্যবস্থা
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম, হুগলিঃ
ইমামবাড়া সদর হাসপাতালের চরম অব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হলেন ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন, হুগলী চুঁচুড়া শাখা। তাঁরা একগুচ্ছ দাবি নিয়ে সম্প্রতি স্মারকলিপি দিলেন হুগলী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর, হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল, হুগলী জেলা শাসক খুরশিদ আলি কাদরি এবং এসোসিয়েশনের রাজ্য শাখার কাছে।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হুগলী চুঁচুড়া শাখার পক্ষে সাংগঠনিক সম্পাদক ডাঃ ইন্দ্রনীল চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ইমামবাড়া সদর হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার দরুন রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের কাছে বহু রোগী অভিযোগ জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসার সুযোগ থাকলেও রোগীদের অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে, শুধু তাই নয়, জোর করে রিস্ক বন্ড দিয়ে রোগীকে ছুটি করিয়ে নিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষার রিপোর্ট সময় পাওয়া যাচ্ছে না, কোন রোগী আউটডোরে দেখাতে এলে দালাল চক্র রোগীকে নার্সিংহোমে নিয়ে চলে যাচ্ছেন। প্রতিটি ওয়ার্ডের বেড ইন চার্জ চিকিৎসকদের প্রতিদিন রাউন্ড দেওয়ার কথা থাকলেও তাঁরা সেই দায়িত্ব পালন করছেন না। তাঁরা ডিএনবি ছাত্র চিকিৎসকদের দিয়ে চিকিৎসার দায় সারছেন। ফলে রোগীর বাড়ির লোক চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কিছু জানতে পারেন না। ফার্মেসী থেকে ওষুধ পাওয়া নিয়েও বিস্তর অভিযোগ। দীর্ঘদিন ধরে জীবনদায়ী ওষুধ পাওয়া যায় না, ফলে স্থানীয় সুনির্দিষ্ট কিছু দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। আয়াদের দৌরাত্ব ক্রমশঃ বেড়ে চলেছে। রোগীর বাড়ির লোক সেজে তারা একাধিক রোগী দেখভাল করছে। এ বিষয়ে হাসপাতালের কোন নিয়ন্ত্রণ নেই। প্রতিটি ওয়ার্ডের বাথরুম অপরিষ্কার থাকায় জীবাণুর আস্তানা তৈরি হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।







