আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের
নতুন পয়গাম, বারুইপুরঃ ‘আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার বারুইপুরের অনিমা ভবনে এক ভাবগম্ভীর ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ। বিদগ্ধ গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভাটি এক মহতী মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় সভার সূচনা হয়। শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহান আলী পুরকাইত সভার উদ্দেশ্য ও গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে ভারতে সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা নানা দিক থেকে প্রশ্নের মুখে পড়েছে। এই বিষয়টি উপস্থিত বক্তারা তত্ত্ব, তথ্য ও বাস্তব অভিজ্ঞতার আলোকে গভীরভাবে বিশ্লেষণ করেন।
সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রফেসর ড. সালেহা, ফাদার শ্যামল ঘড়ুই, প্রাক্তন ডিআই নজরুল হক সিপাই, অ্যাডভোকেট আনিসুর রহমান, ডা. সাবিনা ইয়াসমিন, সাহিত্যিক ড. মুসা আলী, প্রাক্তন প্রাথমিক শিক্ষক মোহিত সাঁফুই, শিক্ষারত্ন আলহাজ্ব নুরনবী জমাদার, প্রফেসর রবিউল ইসলাম, মাস্টার আব্দুল হান্নান মল্লিক, সমাজসেবী এ. কে. এম. গোলাম মর্তুজা, অ্যাডভোকেট শবনম খাতুন, ফাদার দেবাশীষ আড্ডি, চার্চ প্রতিনিধি মারিয়া ঘড়ুই, মাওলানা নুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রেজাউল, মাস্টার আব্দুল অদুদ, কোষাধ্যক্ষ নজরুল ইসলামসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভা শেষে সকলের সম্মিলিত প্রয়াসে সংখ্যালঘু অধিকার রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।







