অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার, রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া:
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার পরিবেশন এবং সরকারি নিয়ম অনুযায়ী উপভোক্তাদের ডিম না দেওয়ার অভিযোগ তুলে বাঁকুড়া–ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
ঘটনাটি বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ, কখনও অর্ধেক ডিম, কখনও সম্পূর্ণ ডিম দেওয়া হচ্ছে না, আবার অনেক দিন খাবারের সঙ্গে ডিমই দেওয়া হয় না। পাশাপাশি যে খিচুড়ি রান্না করা হয় তা অত্যন্ত নিম্নমানের ও খাওয়ার অযোগ্য বলে দাবি গ্রামবাসীদের। খাবারের মান এতটাই খারাপ যে অনেক উপভোক্তা ডিম নিলেও খিচুড়ি নিতে অনীহা প্রকাশ করেন।
বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, ছোট শিশু, গর্ভবতী ও প্রসূতি মহিলাদের পুষ্টির বিষয়টি নিয়ে এ ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। কোন দিনে কী খাবার দেওয়া হবে, তা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্পষ্টভাবে সাইনবোর্ডে টাঙিয়ে দেওয়ারও দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পাঁচ বছর পর্যন্ত শিশু, গর্ভবতী ও প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাবার সরবরাহ করার কথা। কিন্তু অভিযোগ, দেওয়া খাবার পুষ্টিকর তো নয়ই, বরং অত্যন্ত নিম্নমানের। সরকারি নির্দেশিকা অনুযায়ী নিয়মিত ডিম দেওয়ার কথাও মানা হচ্ছে না।
গ্রামবাসীরা জানান, এ বিষয়ে আগেও একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা পথ অবরোধে নামেন। সোমবার সিমলাপালের হেত্যাগেড়্যাতে শিশু কোলে নিয়ে বাঁকুড়া–ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ দেখান আইসিডিএস কেন্দ্রের উপভোক্তারা ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।
খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরে অবরোধ তুলে নেওয়া হয়।








