পাকিস্তানের হয়ে চরবৃত্তি, গ্রেফতার প্রাক্তন সেনাকর্তা
নতুন পয়গাম, গুয়াহাটি:
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-কে তথ্য পাচারের দায়ে গ্রেফতার হলেন প্রাক্তন সেনাকর্তা কুলেন্দ্র শর্মা। অসমের তেজপুর পাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন এই আধিকারিককে। অসম এবং অরুণাচল প্রদেশ নিয়ে ভারতে পাকিস্তানি চরদের বিরাট নেটওয়র্ক গড়ে তোলা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের। বিশেষ করে দেশের পূর্ব সীমান্তে, ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোকে গুঁড়িয়ে দিতেই ওই নেটওয়র্ক গড়ে তোলা হয় বলে মনে করা হচ্ছে।
ধৃতের উপর নজরদারি চলছিল কিছু দিন ধরে। শেষ পর্যন্ত শনিবার তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে স্পর্শকাতর গোপন তথ্য পাচার করছিল কুলেন্দ্র শর্মা। তার মোবাইল এবং ল্যাপটপ থেকে সন্দেহজনক তথ্য মিলেছে, কিছু তথ্য আগেভাগে মুছে দেওয়া হয়েছে বলেও খবর।
ডেপুটি পুলিশ সুপার হরিচরণ ভূমিজ জানিয়েছেন, কুলেন্দ্রর পাকিস্তানি সংযোগের পক্ষে দৃঢ় প্রমাণ মিলেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। ২০০২ সালে অবসরের আগে তেজপুর বায়ুসেনা ঘাঁটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন কুলেন্দ্র। সেখানে বায়ুসেনার গুরুত্বপূর্ণ সাজ-সরঞ্জাম, একটি সুখোই ৩০ স্কোয়াড্রনও রয়েছে। অবসরের পর তেজপুর ইউনিভার্সিটিতে কিছু দিন কাজ করেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
তেজপুরে ভারতীয় সেনার চতুর্থ সদর দফতর ‘গজরাজ কর্পস’ রয়েছে। তবে শুধু কুলেন্দ্র শর্মাই নন, জ্যোতিকা কলিতা নামে অসমের এক মহিলার বিরুদ্ধেও তদন্ত চলছে। গত ৫ ডিসেম্বর জ্যোতিকা-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে বিদেশে। মোট ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ পাওয়া গিয়েছে জ্যোতিকার।








