১৯ তম বর্ষে প্রগতি মেলা আমতায়
সেখ মইদুল আলি, নতুন পয়গাম, আমতা:
হাওড়ার আমতার উদং গ্রামে উদং উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হল ১৯ তম বর্ষের প্রগতি মেলা। এবারের মেলার ফোকাল থিম- “উদং গ্রামের অতীত ও বর্তমান “। মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুচন্দন পোড়েল। উদং গ্রাম একটি প্রাচীন গ্রাম। ইসলামী পুঁথি সাহিত্য ধারার শ্রেষ্ঠ কবি সৈয়দ হামজার জন্ম এই গ্রামেই প্রায় ৩০০ বছর আগে। এ তথ্য জানা যাচ্ছে ‘বিশ্বকোষ’ গ্রন্থ থেকে। ‘আমির হামজা’ (২য় বালাম ), ‘মধু মালতী’ প্রভৃতি তাঁর লেখা কাব্যগ্রন্থ। উদং এর প্রায় ১৫০ বছর আগেকার উর্দু কবি হলেন আবদুল করিম। রবীন্দ্রনাথ তাঁর পুঁথি সংগ্রহ করে সংরক্ষণ করে রেখেছেন বিশ্বভারতীতে। উদং এর পঞ্চানন শীল পুলিশের চাকরীতে সততা ও বীরত্বের জন্য রাজ্যপাল রঘুনাথ রেড্ডির হাত থেকে পেয়েছেন পুরস্কার। শিক্ষকতায় উদং এর সুচন্দন পোড়েল মহাশয় রাষ্ট্রপতি পুরস্কার। রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা তাঁর হাতে পুরস্কার তুলে দেন। উদং এর রথের বয়স ১০০ বছর পেরিয়ে গেছে অনেক আগেই। এহেন উদং গ্রাম সম্পর্কে প্রকাশিত হবে একটি পুস্তক। তার প্রচ্ছদও উদ্বোধন হল রবিবার।
মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান,নাটক, ব্যায়াম প্রদর্শনী, ম্যাজিক , ড্রয়িং শো ইত্যাদি। ৬০ টির বেশী স্টল বসেছে মেলায়। আছে প্রদর্শনী। আছে নাগরদোলা, জাম্পিং,মিকি মাউস সহ নানা শিশু মনোরঞ্জনের ব্যবস্থা। মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।







