অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠনের উত্তরবঙ্গ জেলা সম্মেলন
নতুন পয়গাম, আলিপুরদুয়ারঃ
অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার আলিপুরদুয়ার জেলায় হিফজুল কোরআন ওয়া উরুজুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে উত্তরবঙ্গ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো।
এদিন সংগঠনের কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওয়াকফ ও এসআইআর সংক্রান্ত বিষয়, মুসলিম সমাজের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক অধিকার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের নৈতিক পথপ্রদর্শক। তাঁদের অধিকার সুরক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং মুসলিম সমাজের সার্বিক অগ্রগতির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও পরিকল্পনা নিয়েও সভায় আলোচনা হয়।
এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ও মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ইমাম প্রতিনিধি মাওলানা মহম্মদ জরিফুল ইসলাম, জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক মাওলানা উজাল উদ্দিন আহমেদ এবং জলপাইগুড়ি জেলা সভাপতি মাওলানা মহিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন- আবুল হুসেন, কুদ্দুস আলম, আনোয়ার হুসাইন প্রমুখ।








