বড়জোড়া স্পন্দন হাসপাতাল এন্ড পলি ক্লিনিক এর ব্যতিক্রমী প্রয়াস
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
বেশ কয়েক বছর ধরেই বড়জোড়া স্পন্দন হসপিটাল এন্ড পলি ক্লিনিক বড়জোড়া ব্লকের বিভিন্ন গ্রাম ও পার্শ্ববর্তী একাধিক ব্লকের মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। হার্ট ও ব্রেইন অপারেশন ছাড়া এখানে নিয়মিত বিভিন্ন ধরনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ অপারেশনে রোগীর কিছু না কিছু রক্তক্ষয় ঘটে।
যদিও রক্তের জোগান নিশ্চিত করতে বড়জোড়া ব্লাড ব্যাংক সহযোগিতা করে, তবুও প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ অনেক সময় পর্যাপ্ত থাকে না। এই বিষয়টি বিবেচনা করে ১৪ ডিসেম্বর, রবিবার, স্পন্দন হসপিটাল এন্ড পলি ক্লিনিকের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহের ক্ষেত্রে বড়জোড়া ব্লাড ব্যাংক সার্বিক সহযোগিতা প্রদান করে।
শিবিরের সূচনা করেন প্রতিষ্ঠানের কর্ণধার সোমা দত্ত নিজে রক্তদান করে। এছাড়াও হাসপাতালের একাধিক কর্মী রক্তদানে অংশ নেন। সোমা দত্ত জানান, এই উদ্যোগ শুধুমাত্র পরিষেবা প্রদান নয়, বরং মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।
হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টরস সদস্য ডা. অভিজিৎ দত্ত বলেন, রক্তদান একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন অস্ত্রোপচারের সময় রক্তের প্রয়োজনীয়তা তিনি প্রত্যক্ষ করেন। প্রায় ২৫ বছর ধরে বড়জোড়া ব্লক ও আশপাশের এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে রক্তের গুরুত্ব তিনি বারবার অনুভব করেছেন। তিনি জানান, বর্তমান উদ্যোগটি ছোট হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন শিবির আয়োজনের চেষ্টা চলবে।
সোমা দত্ত আরও জানান, স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় বিভিন্ন ধরনের অস্ত্রোপচার এই হাসপাতালে হয়, ফলে রক্তের চাহিদা সব সময়ই থাকে। সেই কারণেই সাধারণ মানুষ ও চিকিৎসক – উভয়ের স্বার্থে রক্তদান শিবির আয়োজনের বিষয়টিকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।








